নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য সেই দলের প্রতিষ্ঠাতার পরিবারকে আজকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। শাষক গোষ্ঠী এই পরিবারকে ভয় পায়, তারা বুঝতে পেরেছে তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র নায়ক। তাই তারা অন্যায়ভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে’ এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
নোমান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে জাতীয় ঐক্যের মাধ্যমে তা রুখে দেয়া হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন প্রমুখ।

