নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে ‘তৃণমূল বিএনপি’ নামের একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে নতুন এ দলের নাম ঘোষণা করা হয়।
বিএনএ চেয়ারম্যান নাজমুল হুদা বলেন, ‘এই দল গঠন করা হয়েছে বিএনপিকে ভাঙার জন্য নয়, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে।’
তিনি বলেন, ‘বর্তমানে রাজনৈতিক মাঠে তৃণমূল অবহেলিত। তাই তাদেরকে রাজনীতিতে চাঙা করার লক্ষেই তৃণমূলদের নিয়ে এই দল গঠন করেছি।’
তিনি আরো বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দল গঠনে সরকার যদি সহযোগিতা করে তাহলে আমি তা মেনে নেবো। এ ছাড়া আগামী বছরের ৭ সেপ্টেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে এ দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’
আগামী স্থানীয় সরকার নির্বাচনে তার দল অংশ নেবে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ আজই দলের আত্মপ্রকাশ হয়েছে তাই এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দলের কেউ যদি স্থানীয় নির্বাচন করতে চান আমার কোনো সমস্য নেই।’
এ সময় অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

