নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আবেদনের রায় খারিজ করে দিয়ে আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখলেও দলটির পক্ষ থেকে হরতাল কিংবা কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়নি। এমনকি দলের পক্ষে এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়াও দেয়া হয়নি। এছাড়া জামায়াতের হরতালকেও আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি বিএনপি।
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায়ের প্রতিক্রিয়া ও জামায়াতের হরতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দেয়া প্রসঙ্গে বিএনপির নেতাদের ভাষ্য, কর্মসূচি না দিয়ে, কথা না বলেও তাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি রয়েছেন। এরপর যদি তারা সাকা ও মুজাহিদের রায়ের বিষয়ে কথা বলে কিংবা হরতালকে সমর্থন দেয়, তাহলে তাদের অবস্থা কি হবে সহজেই অনুমেয়। তাই এ পরিস্থিতিতে চুপ থাকাটাই শ্রেয় বলেই মনে করছেন তারা।
তবে তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে পূর্ব ঘোষিত আলোচনা সভা স্থগিত করে দিয়ে জামায়াতের হরতালকে বিএনপি সমর্থন দিয়েছে বলে জানিয়েছে দলটির একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে বুধবার বিএনপির দপ্তর থেকে পাঠানো এক বিবৃতি থেকে জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ‘গণতন্ত্র উন্নয়নের পূর্বশর্ত’ শীর্ষক আলোচনা সভা করবে বিএনপি।
তবে দপ্তর থেকে পাঠনো আরেক বিবৃতিতে জানানো হয়, তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে তারিখ জানিয়ে দেয়া হবে।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভার তারিখ পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা বলেন, ‘মূলত জামায়াতের হরতালের কারণে আলোচনা সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। অন্য কোনো কারণ নেই।’
এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না শর্তে বিএনপির কয়েকজন নেতা বলেন, মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের বিষয়ে আমরা ব্যক্তিগতভাবে কেউ কিছু বলবো না। তবে দলের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কিছু বলে তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে কি না সেটাও নিশ্চিত নয়।
এই বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান বলেন, ‘রায় ও হরতালের বিষয়ে আমার কোনো মন্তব্য ও বক্তব্য নেই।’

