চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সংবিধান সম্মতভাবে আইনানুগ বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ আদালতের যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই রায়ের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
বৃহস্পতিবার সকালে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করা ঈমানী দায়িত্ব। বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে ঐক্যবদ্ধ হয়ে যে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছে তা কখনো অস্তমিত হবে না। এই স্বাধীন জাতি আজ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিনাশ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতিকে ধরে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর নিয়ে উপহাস করেছিল তাদের মুখে চুনকালি পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন তাঁর নির্বাচনী অঙ্গীকার কখনো অপূর্ণ থাকবে না। যতই দুরুহ হোক তিনি দেশকে যুদ্ধাপরাধী মুক্ত করার জন্য সর্বোচ্চ জুঁকি নিয়ে একাত্তরের ঘাতকদের ফাঁসির দঁড়িতে ঝুলিয়ে দিচ্ছেন।
তিনি আরো বলেন, আমরা এখন ক্ষুধা ও দারিদ্রের পরিচয় ঘুচিয়ে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। খুব বেশি দেরী নয় বাংলাদেশ অচিরেই উচ্চ মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি এডভোকেট আবু হানিফ, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, গণ আজাদী লীগের আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম আশরাফী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুল মনসুর, গৌরান্দ চন্দ্র ঘোষ, অমল মিত্র, বখতেয়ার উদ্দিন খান, কোতোয়ালী থানা সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব শের মোহাম্মদ, ফয়েজ উল্লাহ বাহাদুর, ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরল আজিম রনি।

