নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণ কর্মী সমাবেশে তারা এ দাবি করেন।
সমাবেশে নেতারা বলেন, দেশে সন্ত্রাস, দুর্নীতি, অস্থিরতা, অনিশ্চয়তা দূর করতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার অগ্রসৈনিক ছিলেন মাহমুদুর রহমান মান্না।
তারা অভিযোগ করেন, সন্ত্রাসীদের হামলা থেকে বিদেশি নাগরিক, এমনকি পুলিশ সদস্যরাও রেহাই পাচ্ছে না। ব্যবসা-বাণিজ্যে মন্দা অবস্থা বিরাজ করছে। ব্যাংকগুলোতে অলস টাকার পাহাড় জমে উঠেছে। দলীয়করণে সরকারি- বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠান জর্জরিত। তারা সরকারের এমন আচরণের নিন্দা ও মান্নার মুক্তি দাবি করেন।
সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফজলুল হক, শহীদুল্লা কায়সার, মাহমুদ জামাল কাদেরী, জিন্নুর চৌধুরী দীপু, মমিনুল ইসলাম, ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ।

