নোয়াখালী প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মূল্যে জঙ্গি ও সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে। যারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেকোনো মূল্যে তাদের মোকাবেলা করা হবে।’
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার অফিসার্স ক্লাব প্রাঙ্গণে রেডিও সাগর দ্বীপ উদ্ধোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। আমরা মসজিদে নামাজ পড়ি, কিন্তু মানুষ হত্যা করি না। আমরা মুসলমানরা কোরআন সুন্নায় বিশ্বাস করি এবং সে অনুযায়ী শান্তির পথে চলি।’
তিনি বলেন, ‘দেশে কোনো অপশক্তিকেই প্রশ্রয় দেয়া হবে না। দেশ বিরোধীরাই মানুষকে বিভ্রান্ত করতে বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। তাদেরকেও কঠোরভাবে দমন করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম, ধর্মের প্রতি আনুগত্য, সফল ও অসাধারণ নেতৃত্ব গুণাবলীর কারণে আমরা মধ্যম আয়ের দেশ বিনির্মাণের এগিয়ে যাচ্ছি।’
হাতিয়া দ্বীপবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হাতিয়ায় এসে আমি অভিভূত। এখানে এসে আমি বুঝতে পারলাম দেশের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের পথে হাতিয়ার জনগণও এগিয়ে যাচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসন আমাকে জানিয়েছে বিগত হরতাল অবরোধের সময় কোনো পেট্রোল বোমার ঘটনা ঘটেনি। এতেই বোঝা যায় হাতিয়া কতটা নিরাপদ। হাতিয়ার নদী পথকে আরও নিরাপদ ও ডাকাতমুক্ত করতে আমরা কাজ করবো।’
হাতিয়া পৌর মেয়র এ কে এম ইউছুফ আলীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, পিকেএসএফ পরিচালক ফজলুল কাদের, বিএইচএন এসোসিয়েশন জাপানের প্রতিনিধি সাতুসি ফুজিতা, জাইকা বাংলাদেশের মূখ্য প্রতিনিধি মিকিকো হাতেদা ও সাবেক এমপি মোহাম্মদ আলী।

