নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে তখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ পরিচালনায় ষড়যন্ত্র চলছে। কারণ ধর্মান্ধ গোষ্ঠীর নেতা তিনি। তার নেতৃত্বে ষড়যন্ত্রকারীরা দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আমরা নগরবাসী আয়োজিত ‘দেশকে অস্থিতিশীল করার স্থানীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আন্তর্জাতিক মহল থেকে এ দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। তারা কীভাবে ইরাক, আফগানিস্তান, লিবিয়া এসব সমৃদ্ধ দেশকে ধ্বংস করেছে সেটা সবাই জানে। আজ সেইসব ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে আইএস ও জঙ্গি আছে গুজব ছড়িয়ে দেশকে ধ্বংস করতে চায়। তারই নেতৃত্ব দিতে চান খালেদা জিয়া।’
হাছান মাহমুদ বলেন, ‘দেশে যখন বিদেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, পুলিশের ওপর হামলা হলো, শিয়া সম্প্রদায়ের ওপর হামলা হলো, ঠিক তখনই খালেদা জিয়া বিবৃতি দিলেন। বললেন, দেশ আজ গভীর সংকটে। আর এ সংকট থেকে উত্তরণের জন্য তিনি মধ্যবর্তী নির্বাচন দাবি করেন। এর পরপরই টিআইবি সংসদকে রঙ্গমঞ্চ বলেছে। তারপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়ে বলেছে, স্বাধীনতার পক্ষের শক্তি অনেক অপরাধ করলেও তাদের বিচার হয়নি। এসব একই সূত্রে গাঁথা।’
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ সাংস্কৃতিক জোটের নেতা এম এ করিম, আমরা নগরবাসীর সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

