গোপালগঞ্জ প্রতিনিধি : দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক না গলানোর জন্য বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্র, মানবাধিকার বিষয়ে বাংলাদেশের মানুষ চিন্তা কররে, আপনারা নাক গলাবেন না। একাত্তরে স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়েছিলেন, আবারো সন্ত্রাসী, জঙ্গি, স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছেন।’
‘দেশে জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া আর কোনো শক্তি এ দেশে থাকবে না।’- বলেন আওয়ামী লীগের সিনিয়র এ নেতা।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনে গিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তার সব ষড়যন্ত্রকে মোকাবেলা করা হবে।’
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, কাজী লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কাজী লিয়াকত আলী লেকুকে সভাপতি ও রফিকুল ইসলাম মিটুকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা এবং হাসমত আলী সিকদার চুন্নুকে সভাপতি ও এসএম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

