নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের যারা বোমাবাজি, আগুনে পুড়িয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের দলে না নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বেলা সাড়ে ১১টায় গণভবনে নেদারল্যান্ডসে তিন দিনের সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সময় দল ভারি করার জন্য নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের লোকজনদের দলে নিয়ে নেন। যারা বোমাবাজি, আগুনে পুড়িয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বিএনপি-জামায়াতের সেসব লোকজনকে দলে না নেওয়ার জন্য আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।’
জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার বিষয়টি বিচার বিভাগের হাতে।
তিনি বলেন, ‘শিশু হত্যাকারীদের দ্রুত বিচার করা হচ্ছে। এজন্য আমরা বিচার বিভাগকে ধন্যবাদ জানাই। আমরা চাই যুদ্ধাপরাধীদের বিচারসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচারও তাড়াতাড়ি করা হবে।’
আওয়ামী লীগের সভানেত্রী বলেন, অ্যামেনেস্টি যে কথা বলেছে এটা অত্যন্ত গর্হিত কাজ। সাকা-মুজাহিদের অপরাধ অ্যমেনেস্টির স্মরণ করা উচিত। অ্যামনেস্টি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মন্তব্য করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করছে এর তীব্র প্রতিবাদ জানাই।’
তিনি আরো বলেন, ‘কে কী বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। যারা অপরাধী তাদের বিচার হবে। এসব করে কেউ তাদের বিচার বাধাগ্রস্ত করতে পারবে না।’

