গোপালগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেএমবি ও আইএসসহ সব সন্ত্রাসী সংগঠনের নেত্রী উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে দেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি করছে। আন্দোলনের নামে তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। শুধু তাই নয় বিদেশী নাগরিক হত্যা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। তারা পুলিশকে পর্যন্ত হত্যা করেছে।’
শনিবার বেলা ১১টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘জিয়াউর রহমান রাজাকারদের পুনবার্সিত করে গেছেন। আজকে তিনি বেঁচে থাকলে তার বিচার হতো।’
বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। যে কারণে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোল্যার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যরে মধ্যে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক মোক্তার হোসেন, যুগ্ম-সম্পাদক এম এ খায়ের, সাবেক ছাত্র লীগ নেতা আমিনুর রহমান আমিন প্রমুখ।
সম্মেলন শেষে মোক্তার হোসেনকে সভাপতি এবং কাজী জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতাদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

