নিজস্ব প্রতিবেদক : গত সোমবারই স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। এই নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও একজন নির্বাচন কমিশনার বলেছেন, তার ব্যক্তিগত মত, ডিসেম্বরের ২০ থেকে ২৪ তারিখের মধ্যে এই নির্বাচন করতে পারলে কমিশনের জন্য ভালো হয়। সে মোতাবেক এই নির্বাচনের এখনো বাকি মাস দেড়েক। তবে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল জোটগত না নিজ নিজ দলের ব্যানারে অংশ নেবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি।
বিষয়টি নিয়ে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও গত ৩০ অক্টোবর আওয়ামী লীগের যৌথসভায়ও আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ১৪ দল নেতারা। জোটের একাধিক নেতা বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলাপ-আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হলেও থেমে নেই তাদের প্রস্তুতির কাজ। নেতারা জানিয়েছেন, এই মুহূর্তে নিজ নিজ দলের ব্যানারেই নির্বাচনের প্রস্তুতি চলছে ১৪ দলে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে জোটের ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ।
আওয়ামী লীগ বাদে ১৪ দলীয় জোটের অন্য দলগুলো অবশ্য এককভাবেই স্থানীয় নির্বাচন করার পক্ষে। এর পেছনে যুক্তিটা হলো- আওয়ামী লীগ বড় দল। তাই তাকে নতুন করে পরিচিতি অর্জনে দরকার নেই। তবে এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে যেতে পারলে নিজেদের পরিচিতি বাড়ানোর সুযোগ পাবে অন্য দলগুলো।
বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও যোগ্যপ্রার্থী এবং একক প্রার্থী নিশ্চিত করতে স্থানীয় নেতাদের কাজ করার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।
এ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এখন নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। কিন্তু সিদ্ধান্ত সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নেবে।
এ সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো জোটের মধ্যে কোনো ধরনের আলাপ-আলোচনা হয়নি। তাই জোটগতভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। এতে আমাদের দলের ব্যানারটি পরিচিতি লাভ করবে।
এ সম্পর্কে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, ১৪ দলের সঙ্গে আমরা আছি। তাই স্থানীয় সরকার নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করবো তা ঠিক হয়নি। তবে নিজ নিজ দলের অবস্থান থেকে আমরা কাজ করে যাচ্ছি। খুব শিগগিরই আলাপ-আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেবো ১৪ দল জোটগত না নিজ নিজ দলের ব্যানারে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।
নিজ দলের ব্যানারে নির্বাচনে গেলে দলেরও একটা পরিচিতি আসবে বলে মনে করেন তিনি।

