গাজীপুর প্রতিনিধি : ‘তথাকথিত আন্দোলন ব্যর্থ হবার পর খালেদা জিয়া বিদেশে গিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। বিদেশি হত্যার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং গুপ্ত হত্যার জন্য ইন্ধন দিয়ে যাচ্ছেন। বেগম খালেদা জিয়া এবং তার সঙ্গে যারা রাজনীতি করেন তারা জামায়াত-শিবির। তারা স্বাধীনতা বিরোধী। তাদের তিনি উস্কানি দিয়ে দেশে নৈরাজ্য, নাশকতামুলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।’
শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর বনমালা ও তালুটিয়া এলাকায় রেললাইনের উপর স্থাপিত মানুষবিহীন দুটি লেভেল ক্রসিংয়ে ফ্লাসিং লাইট ও ওয়ার্নিং বেল স্থাপন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আপনি যতই নাশকতামূলক কর্মকাণ্ড করেন না কেন, যতই মানুষ হত্যা করেন না কেন, পেট্রোলবোমা মেরে পুলিশ হত্যা করেন না কেন, গুপ্ত হত্যা করেন না কেন, বিদেশি হত্যা করেন না কেন আপনাকে অবশ্যই শেখ হাসিনার কাছে পরাজিত হতে হবে।’
অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, রেলপথ মন্ত্রণালয়েল সচিব ফিরোজ সালাউদ্দিন, মহাপরিচালক আমজাদ হোসেন, ফ্লাসিং লাইট ও ওয়ানিং বেল প্রযুক্তির উদ্ভাবক আমিরুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ের প্রায় ৯৪৬টি অরক্ষিত লেভেল ক্রসিং এ পর্যায়ক্রমে এই প্রযুক্তি স্থাপন করা হবে। বর্তমানে রেলওয়ের পূর্বাঞ্চলে টঙ্গী পূবাইল সেকশনের তালুটিয়ায় ১টি, টঙ্গী ধীরাশ্রমের বনমালায় ১টি এবং পশ্চিমাঞ্চলের মৌচাক মির্জাপুরের কালামপুরে এই প্রযুক্তি স্থাপন করে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এ প্রযুক্তির ফলে লেভেল ক্রসিংয়ের ১০০ মিটারের মধ্যে রেলগাড়ি আসলে নিজে থেকে ফ্লাসিং লাইট জ্বলবে এবং ওয়ার্নিং বেল বেজে ওঠবে। এতে করে লেভেল ক্রসিং ব্যবহারকারীরা সাবধান হতে পারবেন।

