গোপালগঞ্জ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ একযুগ পর এ সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আলাদা আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক এমপি, কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, সিকদার নুর মোহাম্মদ দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রবিউল আলম সিকদার প্রমুখ।
সম্মেলনের উদ্বোধক মুহাম্মদ ফারুক খান এমপি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সকল নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, ‘আগামী ১৯ সালের আগে দেশে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না। দুর্নীতিসহ ৫টি মামলার আসামি খালেদা জিয়ার যদি সাজা হয় তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। শেখ হাসিনার নেতৃত্বেই সন্ত্রাসমুক্ত, যুদ্ধাপরাধীমুক্ত, দারিদ্রমুক্ত উন্নয়নশীল একটি ডিজিটাল বাংলাদেশ হবে।’ এজন্য তিনি দলের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়াকে সভাপতি এবং রবিউল আলম সিকদারকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেয়া হয়।
সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরে সম্মেলনস্থলে হাজির হয়। সম্মেলন উপলক্ষে পুরো মুকসুদপুর উপজেলা সদরকে সাজানো হয় নতুন রূপে। রঙ্গিন ব্যানার, ফেস্টুনে ছেয়ে ফেলানো হয় উপজেলা সদরকে।

