নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো মেরামত, সংস্কার করা ও সরকারি উদ্যোগে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। এর পাশাপাশি ভারতীয় কোম্পানি আদানি ও রিলায়েন্সের সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তিও করা হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক।
সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে বাম মোর্চার অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আগামী ১৬ থেকে ১৮ অক্টোবরে ঢাকা থেকে সুন্দরবন রোড মার্চ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাইফুল হক অভিযোগ করেন, সুন্দরবনের অদূরে বিদ্যুৎ প্রকল্প নির্মিত হলে সমগ্র দক্ষিণাঞ্চল এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। তাছাড়া ভারতীয় এনটিপিসি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তগুলোও অসম এবং জাতীয় স্বার্থবিরোধী, উৎপাদিত বিদ্যুতের দামও পড়বে বেশি।
তিনি বলেন, ফুলবাড়ি-বড়পুকুরিয়ার উন্মুক্ত খনির চক্রান্ত অব্যাহত রাখা, স্থলভাগ ও বঙ্গোপসাগরে গ্যাসব্লক অসম শর্তে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়া কিংবা ভারতীয় বিনিয়োগে সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি সবকিছুই জনস্বার্থকে উপেক্ষা করে মুনাফা ও লুটপাটের আয়োজনের অংশ। এই কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা সত্ত্বে দেশে দাম কমানো হচ্ছে না, বরং দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শুভ্রাংশু চক্রবর্ত্তী, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন নান্নু, হামিদুল হক, অ্যাডভোকেট আব্দুস সালাম, শহীদুল ইসলাম সবুজ, মহিনউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

