নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকারে নারী প্রতিনিধিদের সুষ্ঠু ক্ষমতায়নে সরকারের আরো এগিয়ে আসা দরকার বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত নারী প্রতিনিধিদের অবস্থান’ শীর্ষক জাতীয় সেমিনারে এ কথা বলেন তিনি।
উন্নয়ন সংস্থা খান ফাউন্ডেশন, প্রিপ ট্রাস্ট, ডেমোক্রেসি ওয়াচ ও স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়ে পরিচালিত ‘অপরাজিতা’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
ড. শাহদীন মালিক বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নারী প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় সরকারে অবস্থানরত নারী প্রতিনিধিদের বসিয়ে দিলে যোগ্যতার মাপকাঠি বোঝা যাবে। বর্তমানে নারী জনপ্রতিনিধিরা যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে সাফল্য আসবেই। তবে এসব নারী জনপ্রতিনিধিদের সুষ্ঠু ক্ষমতায়নে সরকারকে আরো এগিয়ে আসতে হবে।’
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ড. হামিদা হোসেন বলেন, ‘আপনারা যারা এখানে এসেছেন, তাদের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। যখন কোনো সমস্যা তৈরি হয়, তখন বিভিন্নভাবে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যারা জনপ্রতিনিধি আছেন, তারা বিভিন্ন সালিশে অংশগ্রহণ করছেন, এটা ভালো দিক।’ এ সময় তিনি সংসদীয় আসনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে কাজ করার পরামর্শ দেন।
তিনি আরো বলেন, ‘আমাদের সংসদে যারা নারী জনপ্রতিনিধি আছেন তারা সবসময় দলের হয়ে কথা বলেন, কিন্তু আমরা ভুলে যাই আমাদের নারী আন্দোলনের ফলেই তাদের অবস্থান তৈরি হয়েছে।’
সেমিনারের শুরুতে খান ফাউন্ডেশন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে স্থানীয় সরকার ব্যবস্থায় নারী জনপ্রতিনিধিদের অবস্থানকে কেন্দ্র করে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। এতে দেখা যায়, শিক্ষার অভাব ও অর্থনৈতিক দুর্বলতা ক্ষমতায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেমিনারে সারা দেশ থেকে আসা নারী জনপ্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
এ সময় নারী জনপ্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সংরক্ষিত আসন অনেকের কাছেই অবহেলিত।
কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপমুক্ত করে স্থানীয় সরকারকে স্বাধীনভাবে পরিচালনার আহ্বান জানিয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকারের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন- ডেমোক্রেসি ওয়াচের তালেয়া রেহমান, প্রিপ ট্রাস্টের অ্যারোমা দত্ত ও স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকারসহ নারী জনপ্রতিনিধিসহ অনেকে।

