নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টেরর অব দ্য আর্থ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কারে ভূষিত হওয়ায় আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হলেন টেরর অব দ্য আর্থ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের জন্য পুরস্কার বয়ে নিয়ে আনেন। এরই ধারাবাহিকতায় এবার দেশের জন্য নিয়ে এলেন পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। কিন্তু খালেদা প্রধানমন্ত্রী হলে দেশে দুর্নীতির চ্যাম্পিয়নশিপ নিয়ে আসেন। দেশে হত্যা, খুন বেড়ে যায়। এ জন্য তিনি চ্যাম্পিয়ন অব দ্য টেরর।’
তিনি বলেন, ‘প্রতিদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি বেঁচে আছে। আমরা তো এমন বিএনপি চাই না। আমরা চাই শক্তিশালী বিএনপিকে। তাই আপনারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দিয়ে জনগণের পাশে দাঁড়ান। আগুন-সন্ত্রাসী করে যাদের পুড়িয়ে মেরেছেন, তাদের কাছে ক্ষমা চান। দলকে ঢেলে সাজান।’
দেশে জঙ্গি নেই- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীনের এমন মন্তব্যের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘জঙ্গিগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। আপনি তো তাদের সঙ্গে ওঠাবসা করেন। আপনি তো তাদের জঙ্গি মনে করেন না। আমি আপনাদের বলব, দয়া করে আফগানিস্তান বা পাকিস্তান বানানোর চেষ্টা করবেন না।’
বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ করিম, সাংবাদিক মোজাম্মেল হক প্রমুখ।

