কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জঙ্গি পুষে তাদের সঙ্গে দোস্তির বদঅভ্যাস ত্যাগ করতে পারেননি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ইনু বলেন, ‘দীর্ঘ ২০-২৫ বছর ধরে খালেদা জিয়া জঙ্গি পুষছেন। খালেদা জিয়া রাজনীতিতে থাকলে গণতন্ত্র আছে না থাকলে গণতন্ত্র নেই এই যুক্তি গ্রহণযোগ্য নয়। কারণ খালেদা জিয়া আমাদের ব্যাপার নয়। এখানে ব্যাপার হলো, রাজনীতিতে জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীরা থাকবে কি থাকবে না।’
ইনু আরও বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার রাজনীতিতে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীরা থাকবে না। তারা থাকলে গণতন্ত্র ধ্বংস হয়, তাদের বাদ রাখলে গণতন্ত্র নিরাপদ হয়। সুতরাং গণতন্ত্র রক্ষার কথা বলার আগে আপনি (খালেদা জিয়া) জঙ্গি উৎপাদন ও পৃষ্টপোষকতা বন্ধ করুক। জঙ্গিদের সঙ্গে দোস্তির বদঅভ্যাসটা ত্যাগ করলেই আপনার মুখে গণতন্ত্রের কথা শোভা পাবে।’
বিদেশিদের নিরাপত্তার বিষয়ে বহির্বিশ্বের সতর্কতা সম্পর্কে তথ্যমন্ত্রী প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কে কাকে সতর্ক করছে? আমেরিকা এবং ইংল্যান্ড তার নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। বিদেশিরা সতর্কতা জারি করুক আর না করুক সরকার আমাদের দেশে সকল বিদেশিদের নিরাপত্তা দিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং চালাবে।’
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা এসিল্যান্ড কাজী তারেক সালমুন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

