রাজশাহী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আপনারা জঙ্গীবাদ র্নিমূলের কথা বলেন, আগে জামায়াতকে ত্যাগ করুন। তারপর জঙ্গীবাদ নির্মূলের কথা বলুন। এর আগে আপনাদের মুখে এমন কথা মানায় না।’
শুক্রবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় নদী রক্ষা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘যারা এক সময় মানুষ পুড়িয়ে হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, তারাই এখন বিদেশিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়।’
তিনি অভিযোগ করে বলেন, ‘দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির দিন ঘনিয়ে আসায় একটি মহল দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হতে পারবে না।’
রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতীক) ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম।
রাজশাহীসহ বিভাগের আট জেলার প্রশাসক ছাড়াও পনি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউজে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন।
এর আগে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম সকাল সাড়ে ৮টায় রাজশাহীর চারঘাট উপজেলার স্লুইচ গেট এলাকায় যান এবং পরিদর্শন করেন। সেখানে চারঘাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, সদর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধুসহ যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন। পরে তারা বড়াল নদীতে অবাধ পানি প্রবাহের ব্যবস্থা এবং বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস চালুর দাবি জানান।
পরিদর্শন শেষে চারঘাটে পদ্মা নদীর শাখা বড়ালে অবাধ পানি প্রবাহের লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন নৌ পরিবহন মন্ত্রী।

