নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার শর্ত হিসেবে বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য কমিশন গঠনের আহ্বান জানালেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এদিকে, দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ক্ষমতাসীনরা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে নীতিগতভাবে সমর্থন দিয়েছে বিএনপি।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘উন্নত বিশ্বে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই পরিপ্রেক্ষিতে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেয়া যায়। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নত নয় এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনে সম্ভব নয়।’
তিনি বলেন, ‘সরকার ইচ্ছা করলেই চেয়ারম্যান ও ভাইস- চেয়ারম্যানদের কালো আইনের মাধ্যমে বরখাস্ত করতে পারেন। ইতিমধ্যে কালো আইনের মাধ্যমে বিএনপি সমর্থিত অনেক চেয়ারম্যানকে বরখাস্ত করে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যেখানে দলীয় প্রতীক ছাড়াই এ হাল, সেখানে দলীয় প্রতীকে নির্বাচন হলে তখন বিএনপি সমর্থিত চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যানদের অনায়াসেই বের করে দিতে পারবেন।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন তার সহযোগীদের অধীনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। কারণ গত জাতীয় সংসদ নির্বাচনেই তা প্রমাণ হয়েছে। এই নির্বাচন কমিশনের সুষ্ঠ নির্বাচন করার সামর্থ্য ও শক্তি নেই। তাই এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য কমিশন গঠন করার দাবি জানাচ্ছি।’
বিএনপির এই নেতা বলেন, তা হলেই দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কথা বিবেচনা করবে বিএনপি।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে পাশ কাটানোর জন্য ক্ষমতাসীনরা দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলছে। এটাই সরকারের নীল নকশা ও কূটকৌশলের অংশ। এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
এসময় গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাড সানাউল্লাহ মিয়া, সহ-ধর্ম বিষয়বক মাসুদ আহমেদ তালুকদারসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

