নিজস্ব প্রতিবেদক : দুই বিদেশি হত্যায় বিএনপি-জামায়াত জড়িত- প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যের সঙ্গে একমত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে সত্যতা আছে। ‘উনি (সজীব ওয়াজেদ জয়) নিশ্চয়ই প্রমাণ পেয়ে এ কথা বলেছেন। তার বক্তব্যে একমত। আমরা তার বক্তব্য গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা খতিয়ে দেখছি।’
সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, না হলে দুই বিদেশি হত্যাকাণ্ডের এ ধরণের বর্বরতা কেন? কারা এর সুবিধাভোগী? যদি বলতে হয়- আগে অগ্নিসন্ত্রাস করে যারা ব্যর্থ হয়েছেন, হয়ত তাদের নতুন কৌশল হতে পারে।’
তিনি বলেন, ‘নিশ্চয়ই প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে এর উপাদান রয়েছে। আমরা খতিয়ে দেখব। কোনো সন্দেহই অমূলক নয়। সব সন্দেহ সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছি। আশা করি, শীঘ্রই দুই বিদেশি হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারব।’
দুই বিদেশি হত্যায় আইএসের সম্পৃক্ততা নেই- উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, দুই বিদেশি নাগরিক ছিলেন খুবই নিরীহ ও সাদাসিধে। জাপানের নাগরিক সাদাসিধে জীবন যাপন করতেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মসজিদে যেতেন। তাহলে কেন তাকে আইএস হত্যা করবে? ইতালির নাগরিকও সাধারণ জীবন যাপন করতেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অতীতের ইতিহাস ও ঘটনাপ্রবাহে এমন হত্যাকাণ্ড কারা ঘটাতে পারে, তা আমরা খতিয়ে দেখছি।’ দুই বিদেশি হত্যাকাণ্ডে সুনির্দিষ্ট তথ্য জানাতে কয়েকদিন সময় লাগবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘আরো কয়েকদিন সময় লাগবে। আমরা কাজ করছি। আমাদের নিরাপত্তাবাহিনী কাজ করছে। পাশাপাশি জাপানের পুলিশও কাজ করছে। এ ব্যাপারে নিশ্চিত হয়ে আপনাদের বলব।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে সভায় অংশ নেন বোর্ডসদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক, তার ও টেলিযোযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ অন্যরা।

