নিজস্ব প্রতিবেদক : পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গৃহীত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপে গুরুত্বপূর্ণ, উদ্ভাবনী এবং যুগোপযোগী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ গ্রীন স্টার সম্মাননায় ভূষিত হয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় গ্রিন ক্রস ইন্টন্যাশনালের সাধারণ অধিবেশনে ড. হাছান মাহমুদেকে এ পুরস্কার দেয়া হয়।
জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশ বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থার যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
জেনেভার সিআইসিজি সেন্টারে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, কাউন্সিলর শেলী সালেহীনসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের পরিবেশ বিষয়ক সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যরা।
ড. হাছান মাহমুদ বর্তমানে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

