নিজস্ব প্রতিবেদক : নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মসমর্পণের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২ নভেম্বর এই তিন মামলায় নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে।
মঙ্গলবার ফখরুল ইসলাম আলমগীরের করা আট সপ্তাহের সময় বাড়ানোর আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলারুজ্জামান।
এর আগে গত ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতাজনিত কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। এরপর এ মামলাগুলোতে আত্মসমর্পণের জন্য ৬ সপ্তাহ সময় বাড়িয়ে দেন আপিল বিভাগ। আজ ২য় বারের মতো আবারো সময় বাড়ালেন আদালত।
সে সময় তিনি উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর যান। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান। পরে মির্জা ফখরুলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট আত্মসমর্পণের মেয়াদ আরো ৬ সপ্তাহ বাড়ান আপিল বিভাগ।
গত ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে দুই মাস উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

