কৃষি ডেস্ক : রোয়াল বা অরবরই একটি টক জাতীয় ফল। আমাদের দেশের গ্রাম বাংলার বসত বাড়িতে বিচ্ছিন্নভাবে এর দেখা পাওয়া যায়। বাণিজ্যকভাবে কোথাও এর চাষ হয় না। প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ এই ফল লবণ মিশিয়ে টাটকা খাওয়া যায় অথবা বিভিন্ন রকমের আচার বানিয়েও খাওয়া যায়। ছাদে হাফ ড্রাম বা ২০ ইঞ্চি টবেও এর চাষ করা যায়।
জাত:
অরবরই এর তেমন কোনো উল্লেখযোগ্য জাত নেই। তবে দুটি জাতের অরবরই আমাদের দেশে বেশি দেখা যায়। একটি দেশি জাত হিসাবে পরিচিত এবং আরেকটি বাউ জাত। অরবরই বছরে দুইবার ফল দেয়। যে কোনো মাটিতেই এর চাষ সম্ভব।
চাষ পদ্ধতি:
ছাদে রোয়াল বা অরবরই এর চারা লাগানোর জন্য ২০ ইঞ্চি কালার ড্রাম বা টব সংগ্রহ করতে হবে। ড্রামের তলায় ৩-৫টি ছিদ্র করে নিতে হবে। যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। টব বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার ২ ভাগ বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ৪০-৫০ গ্রাম টিএসপি সার, ৪০-৫০ গ্রাম পটাশ সার, একত্রে মিশিয়ে ড্রাম বা টব ভরে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে ১০-১২ দিন। মাটি কিছুটা খুঁচিয়ে দিয়ে আবার ৪-৫ দিন এভাবেই রেখে দিতে হবে।
এরপর যখন মাটি কিছুটা ঝুরঝুরে হবে তখন একটি সুস্থ সবল কলমের চারা টবে রোপন করতে হবে। চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে। সেই সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। যাতে গাছের গোড়া দিয়ে বেশি পানি না ঢুকতে পারে। একটি সোজা কাঠি দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে। চারা লাগানোর পর প্রথমদিকে পানি কম দিতে হবে। আস্তে আস্তে পানি বাড়াতে হবে। অরবরই গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পায়। তাই রোদের সময় প্রয়োজনে সকাল বিকাল দু’বেলা পানি দিতে হবে।
অন্যান্য পরিচর্যা:
গাছ লাগানোর ৪/৫ মাস পর থেকে নিয়মিত ২৫-৩০ দিন অন্তর অন্তর সরিষার খৈলপচা পানি প্রয়োগ করতে হবে। সরিষার খৈল ১০ দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই পচা খৈলের পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। ১ বছর পর থেকে প্রতি বছর টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে। ২ ইঞ্চি প্রস্থে এবং ৬-৮ ইঞ্চি গভীরে শিকরসহ মাটি ফেলে দিয়ে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে তা ভরে দিতে হবে। ১০-১৫ দিন অন্তর অন্তর টব বা ড্রামের মাটি কিছুটা খুঁচিয়ে দিতে হবে।

