নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ইতালির নাগরিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তবে এ হত্যায় আইএসের কোনো সম্পৃক্ততা নেই, এটা ইতালির কর্তৃপক্ষও স্বীকার করেছে। কিন্তু তাদের (আইএসের) সম্পৃক্ততার বিষয়টি প্রচার করাটা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক রাজনীতি।’
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ইতালীয় নাগরিক হত্যা প্রসঙ্গে বিভিন্ন মহলে যে কথা-বার্তা হচ্ছে তার সমাধান নিশ্চয়ই আমরা খুঁজে পাবো। এ কথা ঠিক, তিনি যেখানে নিহত হয়েছেন সেটা ডিপ্লোমেটিক জোন। এর নিরাপত্তা ব্যবস্থা কঠোর। তবে এ নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোড়দার করা প্রয়োজন।’
অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশে সফরের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট টিমের বৃহস্পতি এখন তুঙ্গে। আমরা আশা করেছিলাম অস্ট্রেলিয়া টিম বাংলাদেশে খেলতে আসবে। কিন্তু ইতালীয় নাগরিক হত্যার মাধ্যমে এ সম্ভাবনা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। বিশ্বের কোনো কিছুই রাজনীতির বাইরে নয়, ক্রিকেটেও বিশ্ব রাজনীতি রয়েছে।’
প্রশ্ন ফাঁসের ঘটনায় মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘মেডিকেল পরীক্ষা নিয়ে যা হচ্ছে এতে উদ্বেগ প্রকাশ করতে হয়। প্রশ্ন ফাঁসের বিষয়ে যদি কারো কাছে অকাট্য প্রমাণ থাকলে, বলবেন। কিন্তু বিভ্রান্ত ছড়ানোর হলে তা বলবেন না।’
এছাড়াও ভর্তি পরীক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষকে আরো দায়িত্ববান হওয়ার বিষয়ে পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এ মূহূর্তে বড় খবর আগামী ৩ তারিখ প্রধানমন্ত্রী দেশে ফিরছেন। তাকে গণসংবর্ধনা দেবার প্রক্রিয়া চলছে। তিনি এ পর্যন্ত ৩৭টি আন্তর্জাতিক পুরস্কার জয় লাভ করেছেন।’
প্রধানমন্ত্রীর এ সাফল্যের সঙ্গে বিরোধীদলগুলো সম্পৃক্ত হবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন।
আলোচনা সভায় বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা জাহাঙ্গির আলম খান, আওয়ামী লীগ নেতা এমএ করিম, অরুণ সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

