নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতাকর্মীরাই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
শুক্রবার দুপুরে প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মহাত্মা মোহন দাস করম চাঁদ গান্ধীর ১৪৬তম জন্মদিন ও অহিংস দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নাজমুল হুদা বলেন, ‘আপনি দেশের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করছেন। আপনি জাতিসংঘ থেকে পদক পেয়েছেন। কিন্তু আপনার সেই ভাবমূর্তি নষ্ট করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই এখনও সময় আছে তাদের লাগাম টেনে ধরুন।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনি দেশে উন্নয়নে কাজ করছেন। আর সেটা রাস্তায় বের হলেই সবার চোখে পড়ে। কিন্তু দেশে একটি নিরপেক্ষ নির্বাচন না হলে এই উন্নয়ন থাকবে না।’
নাজমুল হুদা বলেন, ‘এখন জনগণের ক্ষমতা জনগণের হাতে নেই। স্বৈরাচারের কায়দায় একটি রাজনৈতিক দল ক্ষমতা দখল করেছে।’
এভাবে চলতে থাকলে দেশে সহিংসতা আরো বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি।
নাজমুল হুদা বলেন, ‘বর্তমান দেশ চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। তিনি যা বলেন তাই হয়। তাই একমাত্র প্রধানমন্ত্রী চাইলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির বিদ্যমান সঙ্কট দূর করতে পারেন। অন্যথায় সম্ভব নয়।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি শামসুল আলম দুদুর সভাপতিত্বের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ, গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী প্রমুখ।

