নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনায় রাজধানীবাসীর যানজট ভোগান্তি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘নিশ্চয়ই না। সেদিন শনিবার আছে। আমরা সুশৃঙ্খল হয়ে সারিবদ্ধভাবে দাঁড়াব। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা বাহিনী না বললে, ততক্ষণ পর্যন্ত কোথাও কোন গাড়ি আটকে থাকবে না।’
এজন্য রাজধানীবাসীর যানজট ভোগান্তি কমাতে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নেতৃত্বে একটি মনিটরিং টিম সেদিন কাজ করবে বলে উল্লেখ করেন নাসিম।
তিনি বলেন, ‘সংবর্র্ধনা শৃঙ্খল রাখার জন্য আমাদের মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং এম এ আজিজ একটি খোলা জিপে থাকবে এবং তারা মনিটরিং করবে, যাতে কেউ কোথাও কোনভাবে বিশৃঙ্খলা করতে না পারে। যানজট সৃষ্টি করতে না পারে।’
আমি আপনাদের (সাংবাদিক) আশ্বস্ত করতে চাই, আমরা কাউকে কষ্ট দেব না। বরং মানুষ ভালবাসা নিয়েই আসবে নেত্রীকে অভিনন্দন জানাতে বলেও যোগ করেন তিনি।
সংবর্ধনায় দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঢাকাবাসীসহ সর্বস্তরের মানুষকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘ইনশাআল্লাহ ৩ অক্টোবর বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। সেদিন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষ হৃদয় করে ভালবাসা উপহার দেবে।’
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান সিরাজ, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, ফরিদুরনাহার লাইলী, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র সাঈদ খোকন, জাহিদ হাসান রাসেল, হাজী মো. সেলিম প্রমুখ।

