নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাওয়ার পথে মারা যান মওদুদের একমাত্র ছেলে আমান।
আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া মরহুম আমান মমতাজ মওদুদের রুহের মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমান মমতাজ মওদুদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার তার অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য আজ ভোরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়।

