খুলনা প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, দেশ টেন্ডারবাজ ও দখলবাজদের দখলে চলে গেছে।
তিনি বলেছেন, দেশের মানুষের মূল্যবোধ নষ্ট হয়ে গেছে। শিশুরা ধর্ষিত ও নির্যাতিত হচ্ছে। অপরাধীরা শাসন দলের সঙ্গে জড়িয়ে পড়ায় দেশে বিচারকার্য বিলম্ব হওয়ায় অপরাধ প্রবণতা বেড়েছে।
সোমবার দুপুর ২টার দিকে খুলনা শহরের শহীদ হাদিস পার্কে খুলনা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
সংবিধানের পাতায় গণতন্ত্র থাকলেও দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আগামীতে দেশে গণতন্ত্র ফিরে আনতে হলে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে পার্টিকে সমর্থন দেওয়ার ছাড়া বিকল্প কিছু নেই।
বিচারকদের কাজে হস্তক্ষেপ না করার দাবি করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমি আইনের শাসনে বিশ্বাস করি, দলীয়করণে না। বর্তমানে বেসিক ব্যাংক ও শেয়ারবাজারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, সে টাকা উদ্ধার হয়নি। এখনও হলমার্ক কেলেঙ্কারির হোতাদের গ্রেপ্তার করা হয়নি। রাষ্ট্রীয় অর্থপাচার হলে কেউ তার প্রতিবাদ করলে অর্থমন্ত্রী রসিকতা করেন।
সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ক্ষমতায় থেকে তারা অন্ধ হয়ে গেছে। তারা অন্যায় দেখতে পায় না।
সম্মেলনের উদ্বোধনী পর্বে খুলনা জেলা শাখার আহবায়ক ও এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় সভাপতিত্ব করেন।
জেলা শাখার সভাপতি পদে একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম মধুকে পুনরায় মনোনীত করেন এরশাদ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাপার প্রসিডিয়ামের সদস্য, কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান, প্রেসিডিয়ামের সদস্য তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শেখ আবুল হোসেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শফিকুল ইসলাম মধু, শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জাহাঙ্গীর প্রমুখ।

