নিজস্ব প্রতিবেদক : ভ্যাটবিরোধী আন্দোলনে ছাত্রদের দাবি মেনে নেওয়ার মাধ্যমে সরকারের দানবীয় শাসনের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান।
পাশাপাশি ছাত্র সংগ্রামের এই বিজয় থেকে বিরোধী রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে বলেও মনে করেন এই নেতা।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘সম্পূর্ণ অনৈতিক ও স্বৈরাচারী কায়দায় চাপিয়ে দেওয়া ভ্যাটের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের এই সংগ্রাম ছিল শিক্ষার জন্য সংগ্রাম, অভিভাবকদের পক্ষের সংগ্রাম, বিজয়ের সংগ্রাম।’
বিএনপি জোটের এই শীর্ষ নেতা বলেন, ‘ইতিহাস আবারো প্রমাণ করেছে- বাঘে ধরলেও ছাড়ে, কিন্তু ছাত্ররা ধরলে ছাড়ে না। আশা করি, কালের এই কণ্ঠধ্বনি জালিমশাহী উপলব্ধি করবে। ছাত্র সংগ্রামের এই মহান বিজয়ের মধ্য দিয়ে দানবীয় শাসনের পরাজয় শুরু হলো।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সামান্য ব্যতিক্রম ছাড়া এবার তারা গণপ্রজাতন্ত্রের কর্মচারীর মতো আচরণ করেছেন। ভারতীয় লীগের উস্কানি শর্তেও তারা নিজেদের সংযত রেখেছেন। মনে রাখতে হবে, আপনারা এ দেশেরই সন্তান এবং এ সরকারই শেষ সরকার নয়।’

