নিজস্ব প্রতিবেদক : চোখের চিকিৎসার পাশপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে রওনা দেবেন তিনি। বিএনপি নেত্রীর সঙ্গে তার একান্ত সচিব আবদুস সাত্তার, গৃহকর্মী ফাতেমার যাওয়ার কথা রয়েছে।
বেশ কয়েকবার লন্ডন সফর পেছানোর পর রোববার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকের পর তার লন্ডন সফরের কথা জানানো হয়।
বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ম্যাডাম (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি তার চোখের চিকিৎসা করাবেন এবং কিছুদিন সেখানে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।
তারেক রহমান ২১ আগস্ট মামলায় হুলিয়া নিয়ে গত সাত বছর ধরে লন্ডনে রয়েছেন। খালেদা জিয়া গত বছর ওমরাহ করতে সৌদি আরবে গেলে তারেকও লন্ডন থেকে সেখানে গিয়েছিলেন। এরপর আর মা-ছেলের দেখা হয়নি। এর মধ্যে মালয়েশিয়ায় থাকা খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান।
নজরুল ইসলাম জানান, দলের নেতারা ম্যাডামকে এবার লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনের অনুরোধ করেছেন। মালয়েশিয়া থেকে কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও লন্ডনে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
২০০৬ সালের ক্ষমতা থেকে সরে যাওয়ার পর লন্ডনে খালেদা জিয়ার এটি দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে তারেককে দেখতে তিনি লন্ডন গিয়েছিলেন।

