নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে অংশ নেবে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ। তবে কাদের সিদ্দিকী নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান কাদের সিদ্দিকী।
সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনেই কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে উপনির্বাচনেও কী হয় তা জনগণকে দেখাতেই নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে আশা করি, নিজেদের দুর্নাম ঘোচানোর জন্য হলেও সরকার এই উপনির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করবে।’
বেতন বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আকাশপাতাল বৈষম্যের বেতন বৃদ্ধির ফলে লাখ লাখ বেসরকারি চাকরিজীবী দুর্ভোগে পড়েছে।’
অসঙ্গতিপূর্ণ বেতন স্কেল ঘোষণা এবং শেয়ারবাজারের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন কাদের সিদ্দিকী। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি হাবিবুর রহমান তালুকদার খোকন প্রমুখ।
উল্লেখ্য, ইসলাম, নবী, হজ ও তাবলীগকে কটূক্তি করে বক্তব্য দেয়ার জেরে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। সদ্যসমাপ্ত সংসদ অধিবেশনে তিনি সংদস্য পদ থেকেও পদত্যাগ করেন। ফলে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনটি খালি হয়। অবশ্য এখনো ওই আসনে উপনির্বাচনের তফসিল দেয়নি নির্বাচন কমিশন।

