নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের তীব্র সমালোচনা করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
শুক্রবার বিকেলে যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব বলেছেন, শিক্ষা কোনো পণ্য নয় যে, এটার ওপর ভ্যাট আরোপ করা যাবে। শিক্ষা আমাদের নাগরিক সমাজের অধিকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মাধ্যম এবং জাতির মেরুদন্ড। সেই শিক্ষা ব্যবস্থার ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্তের চেয়ে জনস্বার্থ পরিপন্থি আর কোনো কাজ থাকতে পারে না।
তারা বলেন, এই খাতে ভ্যাট আরোপ করা হলে, এটাই প্রতীয়মান হবে যে, সরকার শিক্ষার অগ্রগতি চায় না। এর ফলে বেসরকারি শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে। এই ভ্যাট শিক্ষা প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়ার কথা বলা হলেও পরোক্ষভাবে তা ছাত্র-ছাত্রীদের ওপরই বর্তাবে।
বিবৃতিতে তারা আরো বলেন, সরকারের যদি এতই অর্থ সংকট হয়ে থাকে তাহলে ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে সেই টাকা উদ্ধার করা হোক। যারা বিদেশে অর্থ পাচার করেছে সেই অর্থ দেশে ফেরত এনে সরকারি কোষাগারে জমা করা হোক। কিন্তু কোনোভাবেই ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যবস্থার ওপর ভ্যাট আরোপ করবেন না।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব অবিলম্বে ভ্যাট প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

