নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘এ সরকার গণতান্ত্রিক সরকার নয়, গণতান্ত্রিক মুল্যবোধও তারা বোঝে না। এমনকি নির্বাচনের আচরণবিধির একটাও মানে না।’
বৃহস্পতিবার সকালে গাজীপুরের আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এ সরকারের কথায় আমরা নির্বাচন নিয়ে অতীতে যেমন আস্থা স্থাপন করতে পারিনি, আগামীতেও করি না। কারণ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নিজে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সামনে বক্তব্য রেখে বলেছিলেন, যে ৫ জানুয়ারি ২০১৪ সালের নির্বাচন হবে সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন। নির্বাচন হয়ে গেলে পরে আলাপ আলোচনার মাধ্যমে আবার একটি নির্বাচন দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি থেকেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরে গেছে।’
তিনি আরো বলেন, ‘যে সকল জায়গায় জনগণ স্থানীয় সরকার গঠনে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছিল, সেই সকল জনগণের ভোটে নির্বাচিত মেয়রদের তারা সরিয়ে দিয়ে অনির্বাচিত মেয়রদের দিয়ে স্থানীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। এতে বোঝা যায় এই সরকার গণতন্ত্রের তোয়াক্কা করে না। নির্বাচনের ফলাফলকে ভয় পায়, তাই তারা সুষ্ঠু নির্বাচন দেয় না।’
এ সময় অন্যান্যের মধ্যে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

