নিজস্ব প্রতিবেদক : অংশগ্রহণমূলক রাজনীতির মাধ্যমে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশের সাম্যবাদী দলের আয়োজনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে সমাজতন্ত্রই একমাত্র পথ। এজন্য মাও সেতুং এবং চীনের রাষ্ট্র পরিচালনার কৌশল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ এবং বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে হবে।
দেশকে বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে হলে সমাজতন্ত্রের কোন বিকল্প নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, সেক্ষেত্রে আমরা চীনকে অনুসরণ করতে পারি। কিন্তু রাষ্ট্র পরিচালনার মডেল আমাদেরকেই তৈরি করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া, চীনের রাষ্ট্রদূত মা মিং সিয়াং প্রমুখ।

