নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, বর্তমানে সারা দেশে শিক্ষকরা যে ন্যায্য দাবির আন্দোলন করছেন, তার প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। শিক্ষকদের জন্য সমান সুযোগ দিয়ে ভিন্ন বেতন স্কেল ঘোষণার দাবিও জানান তিনি।
বুধবার জাতিয়তাবাদী মহিলা দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, অবৈধ সরকার নতুন যে পে-স্কেল ঘোষণা করেছে তাও অবৈধ। কারণ বর্তমান সরকার নির্বাচিত নয়। তারা অনৈতিকভাবে ক্ষমতা দখল করে আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অনেক সময়ে আজে বাজে কথা বলেন। আজে বাজে কথা না বলে সকলের জন্য সমান-সুযোগসহ একটা আলাদা পে-স্কেল গঠন করুন।
তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়ায় জনগণের নাভিশ্বাস অবস্থা। জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারছে না। তারপরও গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের অবস্থা মড়ার ওপর খাঁড়ার ঘার মতো।
হান্নান শাহ আশা প্রকাশ করে বলেন, বিগত দিনে মহিলা দল যেভাবে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, ভবিষ্যতে দলকে আরো সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবে।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

