কুমিল্লা প্রতিনিধি : বর্তমান সময়কে অন্ধকার যুগ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন এটা অন্ধকার যুগ, অমাবশ্যা অন্ধকার।’
রোববার দুপুরে কুমিল্লা টাউনহল মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলনে সরকারের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো বলেন, ‘বর্তমানে দেশে আইনের সুশাসন নেই। ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলার পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গায়ে হাত দেয় ছাত্র। হিন্দুদের জমি দখল হচ্ছে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে চাঁদাবাজি করে ছাত্রলীগ। এটা অন্ধকার যুগ। অমাবশ্যা অন্ধকার।’
ত্রিশ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রথম বারের মতো যোগ দিয়ে জাপা চেয়ারম্যান আরো বলেন, ‘দেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি গরীবের মরার উপর খাড়ার ঘাঁ।’ এসময় বর্তমান সময়ের শিশু হত্যার ঘটনাও টেনে আনেন তিনি।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটে কুমিল্লা সার্কিট হাউজ থেকে টাউন হলে পৌঁছে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন এরশাদ। পরে সম্মেলনে দেয়া বক্তব্যে জাপা চেয়ারম্যান বলেন, ‘আগামীতে জাতীয় পার্টি ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল ইসলাম মিলন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মহিলা বিষয়ক উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপিসহ জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতারা।
পরে তিনি দক্ষিণ জেলা জাতীয় পার্টির কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক নূরুল ইসলাম মিলন এমপি ও এইচ এন এম শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন এরশাদ। এছাড়া আগামী ৫ দিনের মধ্যে তাদের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি করারও নির্দেশ দেন।

