নিজস্ব প্রতিবেদক : তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গীবাদ, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের সঙ্গে কোনো মিটমাট নাই। তিনি (খালেদা জিয়া) মাফ চাইলেও মাফ হবে না।’
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আর্কাইভ ৭১-এর যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খুনির মাফ নাই। এ যুদ্ধে একপক্ষ ধংস হবে। হয় আমরা হারবো, না হয় ওরা (বিএনপি) হারবে। তবে এখনও আমরাই জিতে আছি।
তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের বিপক্ষে যুদ্ধের পরিকল্পনা থেকে সরে আসেননি। আগুন সন্ত্রাস থেকে তিনি সরে এসেছেন। কিন্তু আত্মসমার্পন করেননি। তাই তাদের ধংস করে দিতে হবে। শেষ ধাক্কাটা দিতে হবে। এ জন্য তিনি সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, খালেদা জিয়া আবার নির্বাচনের কথা বলছেন। এ জন্য মেজাজ খারাপ, দিনকাল ভালো যাচ্ছে না। আগুন সন্ত্রাসীরা এখনো আত্মসমর্পণ করেনি। ১৯৭১ এর পরে যে যুদ্ধ শুরু হয়েছে, তার ১৬ ডিসেম্বর এখনো আসেনি। এবার শেখ হাসিনার নেতৃত্বে ১৬ ডিসেম্বর হবে। সেখানে আর ১৫ আগস্ট হবে না।
মন্ত্রীর পিছনে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতাদের সমালোচনা করে বলেন, তোমরা নেতা, তোমরা দারোয়ান না। তোমরা আমার পিছনে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকার দরকার নেই। এখন শেখ হাসিনার বক্তব্যের সময় এমপিরাও প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে। নিজের এলাকার লোকজনও তাদের চেনে না।
জাসদ ছাত্রলীগের বিষয়ে মন্ত্রীর কথার প্রতিবাদ জানিয়ে উপস্থিত ছাত্রলীগ নেতা-কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাসদ ছাত্রলীগ নেই বলে দাবি করেন। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আমার পাশেই দাঁড়িয়ে ছিল জাসদ ছাত্রলীগ নেতা। অথচ আপনারা শিকার করছেন না। এটা অগণতান্ত্রিক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিকেএমইএ-এর প্রথম সহ-সভাপতি ও আর্কাইভ ৭১-এর প্রধান উপদেষ্টা এ এইচ আসলাম সানি, এটিএন নিউজের প্লানিং এডিটর ও আর্কাইভ ৭১-এর নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু প্রমুখ।

