কক্সবাজার প্রতিনিধি : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের কোনো মন্ত্রী সফল নয় শুধু নিজেকে একমাত্র সফল বলে দাবি করতে পারেন প্রধানমন্ত্রী। যেখানে আমি নিজেও সফল নই। কারণ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের তো বেহাল অবস্থা। তাহলে সফল কীভাবে হব?’
শনিবার দুপুরে কক্সবাজারে জন্মাষ্টমী উৎসবের এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন যারা অপকর্ম করে দলের ও সরকারের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের নির্মূল করা হবে। ইতিমধ্যে এসব আগাছা-পরগাছাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
প্রত্যেক মন্ত্রীকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দুর্ভোগ কেমন তা মন্ত্রীদের সরেজমিনে দেখা জরুরি। শুধু নিজ এলাকায় বসে থাকলে চলবে না। কারণ মন্ত্রীরা পুরো ১৬ কোটি মানুষের মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘৩০ বছরেও এরকম বৃষ্টি বাংলাদেশে হয়নি। তারপরও কিছু কিছু সড়কে কাজের খারাপ মান রাস্তার বেহাল দশার জন্য দায়ী। এগুলো আমি নিজেই তদন্ত করে দেখছি। যেসব ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টর খারাপ কাজ করেছে, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে। ইঞ্জিনিয়ারদের শাস্তি পেতে হবে এবং কন্ট্রাক্টরদেরও কালো তালিকাভুক্ত করা হবে। কারণ দেশের মানুষের ট্যাক্সের টাকা খেয়ে অপচয় করার অধিকার কারো নেই। এ ব্যাপারে আমি কঠোর ও কঠিন অবস্থানে রয়েছি।’
এ সময় কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

