নিজস্ব প্রতিবেদক : দেশে খাদ্যের কোনো অভাব নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বন্যা মোকাবেলায় কোনো সমস্যা হবে না।
সাম্প্রতিক অতি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতাসহ অন্যান্য দুর্যোগ মোকাবেলায় বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, খড়া, বন্যা, বৃষ্টিতে যেন একজন মানুষও না খেয়ে মারা না যায় আমরা সেটাই চাই। দেশের ২৪টি জেলার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। এসব জেলায় সাত হাজার মেট্রিক টনেরও বেশি চাল বরাদ্দ দেয়া হয়েছে।
রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে মায়া বলেন, বড় বড় কথা না বলে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান।
দেশের বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধও জানান মন্ত্রী।

