নিজস্ব প্রতিবেদক : গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ‘অযৌক্তিক’ সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার দুপুরে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
ডা শফিকুর রহমান বিবৃতিতে বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের লোকদের জীবনধারণ দুর্বিষহ হয়ে পড়েছে। গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো যুক্তি নেই। সরকারি দলের কোনো কোনো নেতাও বলেছেন যে, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি দেশের গোটা অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে। এ কারণে যানবাহনের ভাড়া বাড়তে শুরু করেছে, বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়ছে। সঙ্গত কারণেই শিল্প ও কল-কারখানায় উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। দরিদ্র মানুষের ভোগান্তি আরো বাড়বে।’
তিনি বলেন, ‘দেশের জনগণের উন্নতি ও কল্যাণের কথা সরকার মোটেও চিন্তা করে না। সরকার লুটপাট, দখলদারী, দুঃশাসন ও ভোগবিলাসে ব্যস্ত রয়েছে। বর্তমান সরকারের নিকট থেকে জনগণের কোন কল্যাণ ও উন্নতি আশা করা যায় না।’

