নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আগামীতে সরকার পতনের জন্য কঠোর আন্দোলন করতে দলকে ঢেলে সাজাবে বিএনপি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল’ আয়োজিত বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে হান্নান শাহ বলেন, অতীতে এ অবৈধ সরকারের বিরুদ্ধে ছোটখাটো আন্দোলন করেছি। তবে এবার এ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে দলকে ঢেলে সাজানো হচ্ছে। দলে ফাঁকিবাজদের কোন জায়গা হবে না, নতুন কমিটিতে শুধু নিবেদিতপ্রাণ কর্মীরাই স্থান পাবে।
তিনি আরো বলেন, এখন প্রায়ই খবরে দেখা যায় জলাবদ্ধতায় ঢাকা তলিয়ে গেছে, কিছুদিন পর খবরে দেখা যাবে ঠিক এভাবেই আওয়ামী লীগ তলিয়ে গেছে।
শোকের মাসে আওয়ামী লীগ নেতারা গান গায় উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আগস্ট মাস আওয়ামী লীগের শোকের মাস। কিন্তু এই শোকের মাসেই তাদের দলীয় একজন মন্ত্রীকে মঞ্চে বসে গান করতে দেখা গেছে।
বিরোধীদলের নেতাকর্মীদের গুলি করে হত্যার প্রসঙ্গে তিনি বলেন, পূর্বে কারফিউ জারি থাকলেও সেখানে মানুষকে গুলি করে হত্যার ঘটনা ঘটতে দেখা যায়নি। কিন্তু বর্তমানে রাস্তায় দেখা মাত্রই বিরোধীদলের নেতাকর্মীদের গুলি করে মারা হচ্ছে।
বিভিন্ন মিডিয়ায় বিএনপি দল ভেঙ্গে যাওয়ার খবর প্রচার প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি দল ভেঙ্গে গেছে উল্লেখ করে কিছু মিডিয়া খবর প্রচার করেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি- বিএনপি শেষ হওয়ার মতো দল নই। যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে দল শেষ হতে পারে না, সময় মতো ঠিকই জেগে ওঠবে।

