নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছেন দলটির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য টিআইএম ফজলে রাব্বি চৌধুরী। আজ থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে পালন করবেন বলে জাতীয় পার্টির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
সূত্রমতে, কাজী জাফরের মৃত্যুর পর আজ রোববার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ফজলে রাব্বি ও দলটির মহাসচিব প্রাক্তন মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি এই প্রথম ২০ দলীয় জোটের বৈঠকে যোগ দেবে। তারা জোটনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য জানান, জ্যেষ্ঠতার বিচারে ফজলে রাব্বি আমাদের চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন।’ এ বিষয়ে বিকেলে অনুষ্ঠিতব্য জরুরি বৈঠকে ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সূত্র জানায়, জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান প্রাক্তন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুর পর দলের শীর্ষ পদটি শুন্য হয়ে যায়। চেয়ারম্যানের শুন্য পদ পুরণে আজ রোববার বিকেলে রাজধানী গুলশানের অস্থায়ী কার্যালয়ে দলটির প্রেসিডিয়ামের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে জ্যেষ্ঠতার বিচারে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ফজলে রাব্বিকে আজ থেকে জাতীয় পার্টির ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হিসেবে ঘোষণা দেওয়া হবে। দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দার উক্ত বৈঠকে সভাপতিত্ব করবেন।
৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে টিআইএম ফজলে রাব্বি প্রাক্তন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের সঙ্গে এইচ এম এরশাদের জাতীয় পার্টি ছেড়ে চলে যান। সেই থেকে কাজী জাফরের সঙ্গে দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করছেন তিনি।
প্র্রবীণ এ রাজনীতিকের শুধু জাতীয় পার্টিতে নয়, সবমহলে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সজ্জন ব্যক্তি ও শ্রদ্ধেয় শিক্ষাবিদ হিসেবে সুখ্যাতি ও সুপরিচিতি রয়েছে। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ফজলে রাব্বি এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।

