নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তাদের তদবির-সংস্কৃতি পরিহার করতে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তদবির বাণিজ্য পরিহার করে সৎ জীবন-যাপনের প্রতি উৎসাহিত হতে এবং অপরাধী যেই হোক তাকে ছাড় না দেওয়ার পরামর্শ দেন তিনি।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও তথ্য কমিশনের দক্ষতা ব্যবস্থাপনা পদ্ধতি (পিএমএস) বিষয়ে এই সেমিনারের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দক্ষতা ব্যবস্থাপনা পদ্ধতি কার্যকর করতে হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে। সরকারি কর্মকর্তাদের সংবিধান ও আইনানুযায়ী চলতে হবে। সিনিয়র কর্মকর্তারা অন্য বিভাগের জুনিয়র কর্মকর্তাদের ব্যাপারে তদবির করে থাকেন। এই তদবির বন্ধ করতে হবে। তাহলে প্রকৃতভাবে মেধা ও যোগ্যতার মুল্যায়ন হবে।
তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে যেন কোনোভাবেই ধর্মীয় উগ্রবাদ ছড়াতে না পারে সেব্যাপারেও সতর্ক থাকতে হবে। ধর্মীয় উগ্রবাদীদের ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে। এদেশকে কোনোভাবেই পেছনের দিকে যেতে দেওয়া যাবে না।
সেমিনারে মূল প্রবন্ধ পড়েন পিএসসির প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব সা’দত হোসাইন।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ, তথ্য কমিশনার খুরশিদা বেগম সাঈদসহ আরো অনেকে।

