নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর রক্ত কোনো বাধাই মানে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিবসেনা ঐক্যলীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মোজাম্মেল হক বলেন, ‘সকল বাধা ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর রক্ত বহমান। তার রক্ত কোনো বাধা মানে না। আমরাও তার রক্ত বৃথা যেতে দেব না।’
২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত দাবি করে মন্ত্রী বলেন, ‘খুনি জিয়া পরিবার ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, তাতে ব্যর্থ হয়ে এখনো হত্যা করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বিচার যেমন হয়েছে এবং হচ্ছে, এবার আমাদের শপথ নেওয়ার পালা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যার মূল নায়ক এবং যে সকল প্রতিষ্ঠান পেছন থেকে সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা।’
তিনি আরো বলেন, ‘খুনি তারেক রহমান দেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন আবার লন্ডনে বসে সজীব ওয়াজেদ জয়কে এফবিআইকে ভাড়া করে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেছিল। তার সে ষড়যন্ত্রও ব্যর্থতায় পরিণত হয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি এইচ এম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সংগঠনের সাধারণ সম্পাদক কে এম মাহবুব আইয়ুব প্রমুখ।

