নিজস্ব প্রতিবেদক : ষড়যন্ত্রকারীদের টার্গেট একটাই। সেটা হল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এমন মন্তব্য করেন নেতারা।
বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে এই বর্ধিত সভার আহ্বান করা হয়।
ঢাকা মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ষড়যন্ত্রকারী বারবার চেষ্টা করে শেখ হাসিনাকে হত্যা করতে।কারণ এখন তাদের টার্গেট একটাই।তারা জানে বঙ্গবন্ধুর রক্ত বেঈমানি করতে জানে না।
তিনি বলেন, আমাদের সজাগ থাকতে হবে। কে কি বললো, আর কে কি বললো না; সেদিকে নজর না দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।আওয়ামী লীগ রাজপথের আন্দোলনে বিশ্বাসী। আমরা মনে করি, ক্ষমতায় যেতে হলে ভোটের বিকল্প নেই।পেছন দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগ বিশ্বাস করে না।কখনো আসেও নাই।আর যারা ষড়যন্ত্র করে পেছন দিক দিয়ে ক্ষমতায় আসতে চায় আমরা ঐক্যবদ্ধ থাকলে তাদের এই পথ বন্ধ হয়ে যাবে।
তিনি আরো বলেন, তাকিয়ে দেখেন, এখন খালেদা জিয়ার সঙ্গে ষড়যন্ত্রকারী ডানে-বামে কেউ নাই।তারপরও আমাদের চোখ-কান খোলা রাখতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র থেমে নেই।তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র করেছিল।তারা এখনো থেমে নেই।শেখ হাসিনা তাদের টার্গেটের মধ্যেই আছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।এরা যেকোন সময় আবার ছোবল মারতে পারে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ।

