নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দলের মধ্যে কেউ ভুল করলে শেখ হাসিনা কাউকে ছাড় দেন না এবং দেবেনও না।’ মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাসিম। জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ এ সভার আয়োজন করে। ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন প্রসঙ্গে নাসিম বলেন, ‘নির্বাচন না করে খালেদা জিয়া যেমন ভুল করেছেন, তেমনই ভুল করেছেন জন্মদিনের কেক কেটে। এর মাসুল তাকে দিতে হবে।’ নিজের দল সম্পর্কে এই মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে।’ পরবর্তী নির্বাচন প্রসঙ্গে নাসিমের বক্তব্য ছিল, ‘গণতান্ত্রিকভাবেই আগামী নির্বাচন হবে। তাই ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, অন্য কারো অধীনে নয়।’ স্বাস্থমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ কিছু ভুল করতে পারে। সেই ভুল সংশোধন করে আওয়ামী লীহ পথ চলছে।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যার রকিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ- আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, সংসদ সদস্য মাহমুদউস সামাদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা চৌধুরী প্রমুখ।

