নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধ, আগুনসন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জান বাজি রেখে লড়াই করছেন। এ লড়াই-সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের উৎপাত সহ্য করা হবে না। প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে দুর্বল করে এমন দল ও দখলবাজি আমরা সহ্য করবো না।’
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ সমাজতান্ত্রিক দল-জাসদের কার্যালয়ের সামনে সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধসহ সুশাসনের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ‘শেখ হাসিনা ও মহাজোট ১৪ দলের নেতৃত্বে সারাদেশে সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধ, আগুনসন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যখন লড়াই চলছে তখন সামনে কিছু সমস্যা দেখা দিয়েছে। এ কাজকে এগিয়ে নিয়ে যাবার সময় মহাজোটের ছাতার তলে দলবাজি ও দখলবাজির মতো উৎপাত শুরু হয়ে গেছে। বেগম খালেদা জিয়াকে তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ থেকে রেহাই দেয়ার চেষ্টা হচ্ছে।’
সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘দেশে শিশু-নারী নির্যাতনের মতো ঘটনা বন্যার মতো বেড়ে গেছে। এটা মহাজোট সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র।’
সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপিসহ জাসদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা অংশ দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

