লাইফস্টাইল ডেস্ক : গরমের অবসান ঘটাতে প্রকৃতিতে আসে বর্ষা। প্রশান্তি মিললে অশান্তি ঘটায় অন্যখানে। আদ্র আবহাওয়ায় সব ঠিকঠাক রাখতে প্রয়োজন বাড়তি যত্নের। জলীয় ভাব বেশি থাকায় বছরের এ সময়টায় জামা-কাপড় থেকে শুরু করে জুতা ব্যাগ হয়ে ওঠে সংবেদনশীল। বিশেষ করে বর্ষায় ভিজে পায়ের জুতার জীবনাবসান ঘটে দ্রুত। কাদার হাত থেকে আপনার পাকে বাঁচাতে সে নিজেই কাদায় মাখামাখি। যে জুতায় আপনি মাস ছয়েক পার করার কথা ভাবছিলেন, দুদিন বর্ষার পানিতে ভিজলে তাকে অবসর দেয়া ছাড়া উপায় থাকে না। তাই বলে তো আর অফিস বা দাওয়াতে সুন্দর জুতোজোড়া রেখে খারাপটা পরে যাওয়া যায় না। সঠিকভাবে যত্ন নিলে আপনার নাজুক জুতাটিও বেশিদিন টিকবে, থাকবে নতুনের মতো সুন্দর।
* হঠাৎ বৃষ্টিতে যদি শখের জুতোজোড়া ভিজেই যায় তবে বাসায় ফিরে প্রথমেই তা পরিষ্কার করে নিন।
* এবার মুড়িয়ে ফেলুন খবরের কাগজ দিয়ে। জুতার ভেতরে একটি তোয়ালে ঢুকিয়ে রাখতে পারেন, যাতে পানি শুষে নেবে।
* এরপর ঘরের স্বাভাবিক তাপমাত্রায় শুকাতে দিন অন্তত ২৪ ঘণ্টা পর্যন্ত।
* ভুলেও চুলার আগুনে সেকে জুতা শুকাবেন না। এতে জুতার অবস্থা আরও খারাপ হয়। বেশি প্রয়োজন হলে ফ্যানের বাতাসে জুতা শুকাতে পারেন।
* র্যাক, শেল্ফ বা ড্রয়ারে জুতাটি যেভাবেই রাখুন না কেন, প্রতি জোড়া জুতা আলাদাভাবে রাখার চেষ্টা করতে হবে। গাদাগাদি করে জুতা রাখলে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় তা আরও তাড়াতাড়ি পরার অনুপযুক্ত হয়ে যায়।
* চামড়ার জুতা ভিজে গেলে পরিষ্কার করতে ব্যবহার করুন নরম কাপড়, ভালোমানের ব্রাশ ও সুপলিশ। ভেজা জুতা থেকে কাদার দাগ ওঠাতে সমপরিমাণে পানির সঙ্গে লেবুর রস মেশানো মিশ্রণ দিয়ে মুছতে পারেন। পরে সম্ভব হলে শুকাতে দিন রোদে।
* সুব্যাগ, সু-ট্রি বা সু-হ্যাঙ্গারের মতো জুতা সংরক্ষণের নানা উপকরণ ব্যবহার করতে পারেন।
* কিছু ওয়াটার প্রুফ সু-পালিশ আছে। এগুলো ব্যবহার করলে জুতা অনেকটাই রক্ষা পাবে।

