লাইফস্টাইল ডেস্ক : ছুটির দিনের সকালটা যদি হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিভেজা তবে সব অলসতা যেন নতুন রূপ পায়। ঘুম শেষে উঠে খাবার প্লেটে স্পেশাল কিছু পেলে দিনের গুরুত্বই বদলে যায়। আপনার প্রিয়জনকে এমন একটি সকাল উপহার দিতে আজই রান্না করতে পারেন মজার স্বাদের দই ইলিশ। খুব সহজ এবং কম সময়ে রান্না করে পেতে পারেন এমন একটি মজার খাবার। আসুন তবে দেখে নেয়া যাক দই ইলিশের সহজ রেসিপি।
যা যা লাগবে
ইলিশ ৬ টুকরা, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, হলুদগুঁড়া ১ চিমটি, কাঁচা মরিচবাটা ১ চা চামচ, টকদই ২ কাপ, আদাবাটা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ।
যেভাবে করবেন
কড়াইয়ে তেল গরম করে সব মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। এবার দই দিয়ে নেড়ে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো দিন। চুলার আঁচ একেবারে কমিয়ে রান্না করতে হবে। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রান্না করতে হবে। রান্না শেষে মাছের স্বাদ বাড়াতে সামান্য চিনি ছিটিয়ে দিন। এক মিনিট পর নামিয়ে আনুন মজার স্বাদের দই ইলিশ।

