লাইফস্টাইল ডেস্ক : দুষ্টুমিতে সেরা আপনার বাচ্চা। সারাদিন ব্যস্ত থাকে নানা কাজে, খেলনা ভাঙতেও পটু। কিছু একটা মাথায় ঢুকলে, তার শেষ না দেখে নাওয়া খাওয়া থাকে না। সময়ে অসময়ে নানা প্রশ্নে অস্থির করে দেয় আপনাকে। বাড়ির এই দুরন্ত সাহেবকে যদি কোনো কাজে ব্যস্ত রাখা যায় তবে কেমন হয় বলুন তো? আপনি কিছু সময়ের জন্য মুক্তি পাবেন, সঙ্গে তার হাতেও তৈরি হবে সুন্দর কোনো খেলনা। তাই আসুন শিখে নেয়া যাক খেলনা হিসেবে রঙিন পাখি তৈরির পদ্ধতি, যা রপ্ত করা ওর জন্য খুবই সহজ।
যা যা লাগবে
আঁকার জন্য পেন্সিল, কাটার জন্য কাঁচি, আঠা, টুথপিক, রঙিন কাগজ, মোম, রঙিন কালির কলম।
যেভাবে করবেন
রঙিন একটি কাগজকে কাটতে হবে গোল করে। কিন্তু সোনামনির পক্ষে কি গোল করে কাগজ কাটা সম্ভব? কাগজ কাটতে তার পানি খাওয়া মগটাই কাজে লাগিয়ে নিন। দুই নম্বর ছবির মতো কাগজের ওপর ওটার মাপ দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিন। এবার দাগের ওপর দিয়ে কেটে গোল কাগজকে একটা ভাঁজ দিন। তিন নম্বর ছবিতে দেখুর ভাঁজ বরাবর রঙিন কাগজ আঠা দিয়ে এটে দেয়ার কৌশল। এবার চার নম্বর ছবির মতো, পাখির ঠোঁট বানাতে কাঁচি দিয়ে সুচালো করে কাগজ কাটুন। পাখির লেজ পাখা সবই জুড়ে দিন আঠা দিয়ে।পাখির পেট বরাবর আঠা বা টেপ দিয়ে দুটি টুথ পিক আটকে দিতে হবে। টুথপিকের অপর মাথা গোলাকার মোমের সঙ্গে গেথে দিন। মোমের নিচের অংশটা একটু চ্যাপটা করে দিলে পাখি সুন্দর করে নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে। এবার রঙিন কালির কলম দিয়ে ইচ্ছা মতো চোখ একে দিন। সৌন্দর্য বাড়াতে পাখির চোখে দুয়েকটা পাঁপড়িও দিতে পারেন। এবার তার পছন্দেই দিন পাখির নাম। ব্যাস হয়ে গেল বাহারি রঙের পাখি।
সোনামনিকে পাখি বানানোর কৌশল দুয়েকবার দেখিয়ে দিলে এরপর সে নিজেই বানাতে পারবে। সারাদিন ব্যস্ত থাকবে এগুলো নিয়েই। সোনামনির পাখিগুলো দেখুন আপনার চেয়েও সুন্দর হয়ে গেছে। হয়তো আকাশেও উড়তে চায়তে পারে হাজার রঙের সেসব পাখি।

